বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ব্যবসায়ীদের স্বার্থে ইজারার পুরো টাকা নিজে দেওয়ার ঘোষণা ডা. মুস্তাফিজুর রহমানের!

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ব্যবসায়ীদের স্বার্থে ইজারার পুরো টাকা নিজে দেওয়ার ঘোষণা ডা. মুস্তাফিজুর রহমানের!

শ্রীমন্তপুর বাজারের স্বাভাবিক গতিশীলতা বজায় রাখা এবং সরকারি নিয়ম মেনে যারা ইজারা এনেছেন, তাদের সাধুবাদ জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও কারিমিয়া হোমিও হলের স্বত্বাধিকারী ডা: হাঃ মাওঃ মোস্তাফিজুর রহমান মুরাদ (ফারুক)। তবে একই সঙ্গে তিনি বাজারের সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থ রক্ষায় একটি ব্যতিক্রমী ও মানবিক প্রস্তাব এবং কিছু যৌক্তিক প্রশ্ন তুলে ধরেছেন।

​তার সেই ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

​”যিনি ইজারা এনেছেন, আমি তার কোনো দোষ দেখি না। ইজারা না আনলে সরকারি নিয়ম অনুযায়ী বাজারের বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যেতে পারত বা ভবিষ্যতে নানা সমস্যার সৃষ্টি হতে পারত। এজন্য যিনি ইজারা এনেছেন, তাকে আমি সাধুবাদ জানাই।

​তবে আমার একটি প্রশ্ন আছে। অতীতে যারা গরুর বাজারের ইজারা নিয়েছিলেন, তারা গরুর বাজার থেকে কিছুটা লাভবানও হয়েছিলেন। একই সঙ্গে তারাই সাপ্তাহিক বাজারের ইজারা নিয়ে সাধারণ মানুষের স্বার্থে সাপ্তাহিক বাজারের খাজনা মওকুফ করেছিলেন। কিন্তু এবার যারা গরুর বাজারের ইজারা নিয়েছেন, তারা সাপ্তাহিক বাজারের ইজারা নিলেন না কেন?

​লাভজনক প্রকল্প পরিচালনা করা অনেকের কাছেই আকর্ষণীয়, কারণ এতে আর্থিক সুবিধা পাওয়া যায়। কিন্তু লোকসানের সম্ভাবনা থাকলে সেই দায়িত্ব নিতে আগ্রহী মানুষের সংখ্যা কমে যায়। তাই প্রশ্ন থেকেই যায়—যদি লাভের প্রকল্প গ্রহণ করা যায়, তাহলে লোকসানের প্রকল্পের দায়িত্ব নিতে কেউ এগিয়ে এলেন না কেন?

​আমি বলতে চাই, এই ইজারা নিতে যত টাকা খরচ হয়েছে—ইজারাদার যদি রাজি হন, তবে সম্পূর্ণ টাকা আমি দিয়ে দেব। বিনিময়ে বাজারের খাজনা বন্ধ করে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার জন্য বিনীত অনুরোধ করছি। (বি:দ্র: আর যদি ইজারাদার রাজি না হন, সেটা উনার ব্যক্তিগত বিষয়। কারণ উনি উপজেলা থেকে ইজারা এনেছেন)।

​আর যদি বাজারের উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া যায়, তাহলে স্থায়ী ব্যবসায়ী থেকে শুরু করে কাঁচাবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী—সকলেই উপকৃত হবেন। বাজারের অবকাঠামো, পরিচ্ছন্নতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং দীর্ঘমেয়াদে সবাই লাভবান হবে। তাই এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করাও যেতে পারে। তাহলে ইজারাদারসহ সকল ব্যবসায়ী লাভবান হবেন।”

​ডা. মুস্তাফিজুর রহমান মুরাদ (ফারুক)-এর এই মানবিক ও উন্নয়নমুখী প্রস্তাবটি ইতিমধ্যে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করছেন যে, বাজার কমিটি ও সংশ্লিষ্ট ইজারাদার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন।

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।