সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ভৈরবে অননুমোদিত ফ্লোটিং পাম্পে লাখো লিটার জ্বালানি বিক্রি

রেজাউল হক প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভৈরবে অননুমোদিত ফ্লোটিং পাম্পে লাখো লিটার জ্বালানি বিক্রি

কিশোরগঞ্জের ভৈরবে যমুনা ও পদ্মা অয়েল কোম্পানি থেকে প্রতিদিন ৮–৯টি অননুমোদিত ফ্লোটিং পাম্পের মাধ্যমে ৪ থেকে ৫ লাখ লিটার জ্বালানি তেল সংগ্রহ করে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার হাটবাজারে বিক্রি করা হচ্ছে। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, পাশাপাশি বাড়ছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরেই এসব ভাসমান পাম্প ভৈরব থেকে নবীনগর, রায়পুরা ও কিশোরগঞ্জের বিভিন্ন হাটবাজারে ঢালা তেল সরবরাহ করছে। এসব পাম্পের নেই কোনো তেল কোম্পানির অনুমোদন, নেই বিস্ফোরক ও ফায়ার লাইসেন্স, নেই নৌ মন্ত্রণালয় বা বিআইডব্লিউটিএর অনুমোদন। শুধু ‘রূপসী বাংলা’ নামে একটি পাম্প অনুমোদিত; বাকিগুলো পুরোপুরি অবৈধ।

বিআইডব্লিউটিএ’র একজন কর্মকর্তা সত্যতা স্বীকার করে জানান, অচিরেই এসব পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরব নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, “বিআইডব্লিউটিএ ও প্রশাসনকে সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, স্টিলবডির ছোট নৌকার ওপর ছাদ ও নিচে ট্যাংকি বসিয়ে স্যালো মেশিনচালিত মিটারের মাধ্যমে খোলা জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এক নৌকার মাঝি ওয়ালী উল্লাহ বলেন, “নৌকার কোনো কাগজপত্র নেই। ভৈরব থেকে তেল নিয়ে নবীনগরে দোকানিদের কাছে বিক্রি করি।”

এক পাম্প মালিকের ভাই তানভির বলেন, “অনুমোদনের জন্য বিআইডব্লিউটিএ-তে আবেদন করেছি। গত এক বছর ধরে তেল বিক্রি করছি।”

বিআইডব্লিউটিএ বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহ আলম মিয়া জানান, ভৈরব থেকে বাজিতপুর, নিকলী ও নবীনগর পর্যন্ত মোট ৮–৯টি ফ্লোটিং পাম্প পরিচালিত হচ্ছে। রূপসী বাংলা ছাড়া সকল পাম্পই অবৈধ এবং শুধু ট্রেড লাইসেন্সের ওপর চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।