পানিপাড়ায় মাদকের ভয়াবহ বিস্তার, রুখে দাঁড়ানোর আহ্বান
কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া গ্রামে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পানিপাড়া সমাজ কল্যাণ সংস্থা। মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানিয়ে সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।
পোস্টে বলা হয়, মাদক ভয়াবহভাবে গ্রাস করছে পানিপাড়া গ্রামকে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে পানিপাড়ায় এসে মাদক গ্রহণ করছে বলে দাবি করা হয়েছে। এতে পানিপাড়া ধীরে ধীরে মাদক গ্রহণের একটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সংগঠনটির মতে, মাদকের এই বিস্তার তরুণ সমাজ, পরিবার এবং সামগ্রিক সামাজিক পরিবেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃত্ব ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
পানিপাড়া সমাজ কল্যাণ সংস্থা জানিয়েছে, কাউকে হেয় করা বা নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলাই তাদের উদ্দেশ্য নয়। বরং পানিপাড়াকে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর একটি সমাজ হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
পোস্টে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা এবং অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
পানিপাড়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে নীরব না থেকে সোচ্চার হওয়ার এবং পানিপাড়াকে মাদকমুক্ত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।




