শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

সিলেট থেকে নারায়ণগঞ্জ: প্রথম দিনের প্রচারণার দিনব্যাপী রোডম্যাপ তারেক রহমানের

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সিলেট থেকে নারায়ণগঞ্জ: প্রথম দিনের প্রচারণার দিনব্যাপী রোডম্যাপ তারেক রহমানের

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের একাধিক জেলায় ধারাবাহিক জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

দলটির মিডিয়া সেল জানিয়েছে, দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হবে সিলেট থেকে এবং শেষ হবে নারায়ণগঞ্জে।

এর আগে, বুধবার রাতে তারেক রহমান সিলেটে পৌঁছান। সফরের শুরুতেই তিনি মাজার জিয়ারত করেন এবং সিলেটেই রাত্রিযাপন করেন।

আজ বেলা ১১টা ৩০ মিনিটে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিত হবে পরবর্তী সমাবেশ।

দুপুর ২টা ৩০ মিনিটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে আরেকটি সমাবেশে বক্তব্য রাখার সূচি রয়েছে।

এরপর বিকাল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে পরবর্তী সমাবেশ।

দিনের শেষ কর্মসূচি হিসেবে রাত ৮টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউসিয়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সফরসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দিনায় জামায়াতের মিছিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দিনায় জামায়াতের মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার চান্দিনায় সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) সকালে চান্দিনা মোকামবাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আল মগীর সরকার। এ সময় জেলা, উপজেলা ও পৌর জামায়াত, ছাত্রশিবির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

চান্দিনা থানায় যোগদানের প্রথম মাসেই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।

সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ওয়ারেন্ট তামিল করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। এএসআই মোস্তফা কামাল বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে ভারত সরকারকে তাগিদ দিয়েছে দেশটির একটি সংসদীয় কমিটি। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক প্রতিবেদনে পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, দুই দেশের পারস্পরিক আস্থা ও জনগণের যোগাযোগ বজায় রাখতে স্বাভাবিক ভিসাসেবা জরুরি। একই সঙ্গে ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসাকেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ ভিসা দেওয়া হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশ চিকিৎসা ভিসা।