বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

রমজান উপলক্ষে কিশোরগঞ্জে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
রমজান উপলক্ষে কিশোরগঞ্জে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু

পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বিক্রয়যোগ্য পণ্যের মধ্যে রয়েছে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক পবিত্র রমজান উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন ভোক্তার কাছে পণ্য বিক্রি করা হবে।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের কাচারি বাজারে টিসিবির এ পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইশতিয়াক ইমন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, ট্যাগ অফিসার ও প্রকল্প কর্মকর্তা (প্রজীপ) মো. মোজাম্মেল হক, সহযোগী ট্যাগ অফিসার (প্রজীপ) মাঠ সংগঠক মো. আল মামুন, টিসিবি ডিলার হেমা ঐশী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আশরাফুল আলম শরীফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ জানান, ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয়ের জন্য জেলা স্মরণী মোড়, মোরগ মহল, পৌর মার্কেট সংলগ্ন এলাকা, শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা, একরামপুর সিএনজি স্ট্যান্ড, উপজেলা পরিষদ চত্বর, গাইটাল পুকুর পাড়, গাইটাল ফার্মের মোড় ও জালালপুর বাজার নির্ধারণ করা হয়েছে। প্রতিটি বিক্রয়কেন্দ্রে কার্যক্রম তদারকির জন্য একজন ট্যাগ অফিসার ও একজন সহযোগী ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ডিলারের ট্রাক থেকে সঠিক পরিমাণে ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা, প্রতিদিনের বিক্রয় প্রতিবেদন (বিক্রিত পণ্য, অবশিষ্ট পণ্য ও ক্রেতার সংখ্যা) সংগ্রহ করা এবং কোনো ধরনের মজুত বা কালোবাজারি রোধে ট্যাগ অফিসাররা কঠোর নজরদারি করবেন।

টিসিবির নির্ধারিত মূল্যে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), চিনি ১ কেজি (প্রতি কেজি ৮০ টাকা), মসুর ডাল ২ কেজি (প্রতি কেজি ৭০ টাকা), ছোলা ১ কেজি (প্রতি কেজি ৬০ টাকা) এবং খেজুর আধা কেজি (১৬০ টাকা) কিনতে পারবেন।

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।