মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

টনিহারা খাল পুনঃখননে পুমদীর কৃষিতে বিপ্লব: জলাবদ্ধতা কাটিয়ে ঘরে সোনালী ফসল

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
টনিহারা খাল পুনঃখননে পুমদীর কৃষিতে বিপ্লব: জলাবদ্ধতা কাটিয়ে ঘরে সোনালী ফসল

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নে টনিহারা খাল পুনঃখননের ফলে কৃষিতে এসেছে দৃশ্যমান পরিবর্তন। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকট কাটিয়ে চলতি বোরো মৌসুমে কৃষকের ঘরে উঠছে সোনালী ফসল। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় কৃষকরা।

জাইকা প্রকল্পের অর্থায়নে এবং রুপসা বিল সুলাদল সমবায় সমিতি লিমিটেডের বাস্তবায়নে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ টনিহারা খালটি পুনঃখনন করা হয়। ২০২৫ সালের ডিসেম্বরে খননকাজ শেষ হওয়ার পর চলতি মৌসুমেই এর সুফল পেতে শুরু করেছেন কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, পুমদী ইউনিয়নের টনিহারা, পুমদী, জগদল, বর্শিকুড়া ও চরপুমদী গ্রামের বিস্তীর্ণ কৃষিজমিতে এবার নির্বিঘ্নে সেচ সুবিধা মিলেছে। একই সঙ্গে বর্ষা মৌসুমের আগেই পানি নিষ্কাশনের পথ সচল থাকায় আগাম বন্যার ঝুঁকিও কমেছে।

স্থানীয় কৃষক মো. মেহেদী হাসান রুমান, রওশন মিয়া, নূর উদ্দিন ও আবুল কাশেমসহ অনেকেই জানান, খালটি দীর্ঘদিন ভরাট থাকায় বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচের অভাবে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে থাকত। ফলে সময়মতো ধান রোপণ ও কাটার কাজ অনিশ্চিত হয়ে পড়ত।

টনিহারা গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, “গত ১০ বছর ধরে এই বিলের জমিতে ধান করতে পারিনি। খাল ভরাট থাকায় পানি নামত না। এবার খাল কাটার পর জমিতে পানি দেওয়া গেছে, আবার পাকার পর কাটতেও পেরেছি। জাইকা ও সমিতির জন্য আমরা কৃতজ্ঞ।”

আরেক কৃষক জাহানারা বেগম বলেন, “আগে জমিতে পানি জমে ধান নষ্ট হয়ে যেত। এবার খাল দিয়ে সহজে পানি নামছে। আমার ৩ বিঘা জমিতে প্রায় ৯০ মণ ধান হয়েছে। এখন পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকতে পারছি।”

রুপসা বিল সুলাদল সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আ. রউফ মেম্বার বলেন, জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় স্থানীয় কৃষকদের মতামতের ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে খাল খননের কাজ সম্পন্ন করা হয়েছে। এর ফলে শুধু বোরো নয়, আমন মৌসুমেও কৃষকরা উপকৃত হবেন।

হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন জানান, টনিহারা খাল পুনঃখনন এ অঞ্চলের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, এ বছর ওই এলাকায় হেক্টরপ্রতি বোরোর ফলন প্রায় ৬.২ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। জলাবদ্ধতা দূর হওয়ায় পতিত জমিও চাষের আওতায় এসেছে।

এলাকাবাসী দুলাল ও খাইরুল ইসলামসহ অনেকে খালটির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দুই পাশে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে খালটি পুনরায় ভরাট না হয় এবং বর্ষাকালে ভাঙনের ঝুঁকি কমে।

বিশেষজ্ঞদের মতে, খাল পুনঃখননের ফলে শুধু ফসল উৎপাদনই নয়, এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।