মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ইসলামী সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্রের প্রস্থান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ইসলামী সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্রের প্রস্থান

আজ ইসলামী সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ, কলরব শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী সঙ্গীতের সুরসম্রাট মরহুম আইনুদ্দীন আল আজাদ (রহ.)-এর মৃত্যুবার্ষিকী। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এমন একজন ব্যক্তিত্বকে, যিনি তাঁর সংক্ষিপ্ত কিন্তু কর্মময় জীবন দিয়ে ইসলামী সাংস্কৃতিক আন্দোলনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

বাংলাদেশে ইসলামী সংস্কৃতিচর্চাকে একটি সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে আইনুদ্দীন আল আজাদ (রহ.)-এর অবদান অবিস্মরণীয়। তাঁর দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠিত কলরব শিল্পীগোষ্ঠী শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়; বরং ইসলামী আদর্শ, মূল্যবোধ ও দাওয়াতি চেতনাকে শিল্প-সাহিত্যের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার এক সফল আন্দোলনে পরিণত হয়েছে। আজ দেশের অসংখ্য ইসলামী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীর জন্য কলরব একটি প্রেরণার নাম, যার ভিত্তি রচনা করেছিলেন এই মহান সংস্কৃতিসেবক।

একজন সংগঠক হিসেবে তিনি যেমন সফল ছিলেন, তেমনি একজন সুরকার ও শিল্পী হিসেবেও তিনি ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। তাঁর সুর ও কণ্ঠে পরিবেশিত অসংখ্য ইসলামী সংগীত মানুষের হৃদয়ে ঈমানি চেতনা, আত্মমর্যাদা ও ইসলামী আন্দোলনের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলেছে। “দুর্নিবার”সহ তাঁর একাধিক জনপ্রিয় অ্যালবাম এবং কালজয়ী সংগীত আজও ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে সমানভাবে সমাদৃত ও শ্রুতিমধুর।

আইনুদ্দীন আল আজাদ (রহ.) বিশ্বাস করতেন, সংস্কৃতি হতে পারে আদর্শিক জাগরণ ও সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। তাই তিনি ইসলামী সংস্কৃতিকে কেবল বিনোদনের সীমাবদ্ধতায় আবদ্ধ রাখেননি; বরং তা মানুষের নৈতিক উন্নয়ন, ইসলামী মূল্যবোধের প্রচার এবং একটি আদর্শ সমাজ বিনির্মাণের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন।

আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা উপলব্ধি করি, একজন মানুষের জীবন কত দীর্ঘ ছিল তা নয়; বরং তিনি তাঁর জীবনের প্রতিটি মুহূর্তকে কতটা অর্থবহ ও কল্যাণকর কাজে ব্যয় করেছেন, সেটিই ইতিহাসে তাকে স্মরণীয় করে রাখে। আইনুদ্দীন আল আজাদ (রহ.) তাঁর কর্ম, আদর্শ ও সৃষ্টিশীলতার মাধ্যমে সেই স্মরণীয় মানুষের কাতারে স্থান করে নিয়েছেন।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁর সকল খেদমত কবুল করুন, তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চতম মাকাম দান করুন এবং তাঁর রেখে যাওয়া সাংস্কৃতিক আন্দোলনের ধারাকে আরও বেগবান করার তাওফিক দান করুক।

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।