শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা, বাদীর যুবদল পরিচয় নিয়ে প্রশ্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা, বাদীর যুবদল পরিচয় নিয়ে প্রশ্ন

পর্দা নিয়ে কটুক্তি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই এর বিরুদ্ধে কুমিল্লায় মামলা হয়েছে।
জানা যায়, পর্দা নিয়ে কটুক্তি করে বক্তব্য দেওয়া সংসদ সদস্য মনিরুল হক-এর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জেরে এ মামলা করা হয়।
কুমিল্লা মহানগরের ২৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ খোকন বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা চলছে।

কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিচয়দানকারী জালাল আহমেদ খোকন তালুকদার গত ২০ জুন মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, একটি ভিডিওতে তার দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে।
এজাহারে দাবি করা হয়, এসব বক্তব্য ও পোস্টের মাধ্যমে সংসদ সদস্যের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
তবে বাদীর যুবদল পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা। কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান দাবি করেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। একই দাবি করেছেন কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ।
অন্যদিকে, জালাল আহমেদ খোকন তালুকদার বলেন, তার নেতা মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেওয়ার কারণেই তিনি মামলা করেছেন। তিনি জানান, তার সংশ্লিষ্ট কমিটি এমপি মনিরুল হক চৌধুরীর ঘোষিত কমিটি, কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কমিটি নয়।
কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম.এম. বিলাল হোসাইন মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আইনগতভাবে মোকাবিলার কথা জানান।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। এতে নাম উল্লেখ করা ১০ জন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করা হয় এবং একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তবে একই ঘটনায় এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে হামলার অভিযোগ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বহনকারী একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একটি কর্মসূচি শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, হামলার সময় গাড়িতে তাঁর সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও কয়েকজন ছিলেন।

মাহমুদা মিতুর অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা তাঁদের গাড়িতে হামলা করে ডান পাশের ও পেছনের কাচ ভেঙে ফেলেছেন। হামলাকারীরা তাঁদের হত্যার চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে—এমন অভিযোগও করেন এনসিপির এই নেত্রী। একই ঘটনায় সারজিস আলমও ফেসবুকে পোস্ট দিয়ে তাঁদের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন।

তবে হামলার অভিযোগ, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় এবং পুলিশের ভূমিকা সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণে চান্দিনার বর্ষীয়ান নেতা অধ্যাপক আলী আশরাফ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ণ
পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণে চান্দিনার বর্ষীয়ান নেতা অধ্যাপক আলী আশরাফ

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।

২০২১ সালের ৩০ জুলাই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৪৭ সালে চান্দিনা উপজেলার গল্লাই গ্রামে জন্ম নেওয়া আলী আশরাফ পেশাজীবনের শুরুতে কলেজে অধ্যাপনা করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালকের দায়িত্ব পালন করেন।

১৯৭৩ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালেও কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচিত হন। ২০০০ সালে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।

দলীয়ভাবে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে চান্দিনার শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধ্যাপক আলী আশরাফ। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।