চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আমি অবগত ছিলাম না, জানতে পেরে বিব্রত হয়েছি: এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জানিয়েছেন, তাঁর নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না এবং বিষয়টি জানতে পেরে তিনি বিব্রত হয়েছেন। আজ তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা জানান।
এমপি মনিরুল হক চৌধুরী তাঁর ফেসবুক বার্তায় উল্লেখ করেন, “আমি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে, আমার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় কেউ একজন চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আমি অবগত ছিলাম না এবং কে বা কারা এ মামলা দায়ের করেছেন, সে সম্পর্কেও আমার কোনো জানা নেই। বিষয়টি জানতে পেরে আমি বিব্রত হয়েছি।”
তিনি আরও জানান, মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে নেতাকর্মীরা তাঁকে নিশ্চিত করেছেন যে, বাদী মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে তিনি সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তাঁর আইনজীবীকেও নির্দেশ দিয়েছেন।
সংসদে ঘটে যাওয়া সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, “সংসদে সংঘটিত অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে আমার যে অভিযোগ ছিল, তা আমি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছি। আমি সবসময় আইন, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।”










