মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

মাসুদ হিলালীর বাসায় সাক্ষাৎ করতে গেলে ফিরিয়ে দেওয়া হলো মাজহারুল ইসলামকে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
মাসুদ হিলালীর বাসায় সাক্ষাৎ করতে গেলে ফিরিয়ে দেওয়া হলো মাজহারুল ইসলামকে

সাবেক সংসদ সদস্য জনাব মাসুদ হিলালীর বাসায় সাক্ষাৎ করতে গেলে ফিরিয়ে দেওয়া হলো মাজহারুল ইসলামকে। কিশোরগঞ্জের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সুপরিচিত মুখ এই প্রবীণ নেতা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) বিকালে আচমকা ঘোষিত বিএনপি’র ৩৬ মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর তালিকায় কিশোরগঞ্জ-১ আসনে মনোনীত হন বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। সন্ধ্যায় তিনি প্রবীণ এই নেতার সঙ্গে দেখা করতে শোলাকিয়ার তার বাসায় গেলে দরজায় পৌঁছানোর পরই তাকে ফিরিয়ে দেওয়া হয়। এতে স্পষ্ট হয়—দেশনেত্রীর অসুস্থতার সময় হঠাৎ মনোনয়ন তালিকা ঘোষণা এবং কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন নিয়ে এ প্রবীণ নেতার মধ্যে গভীর অসন্তোষ রয়েছে।

আমাদের প্রতিনিধি শোলাকিয়ার স্থানীয় এক মহিলাকে বলতে শুনেছেন—“মাজহার সাহেব আজকে লোক দেখাতে এই সাক্ষাৎ নাটক করতে আসছে।”

কিন্তু কেন?

এর উত্তরের জন্য কয়েক মাস পেছনে যেতে হয়। গত সেপ্টেম্বরে দীর্ঘ ৯ বছর পর বিএনপির জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়। আওয়ামী ফ্যাসিস্ট শাসন পতনের পর দলীয় কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ থাকলেও তৎকালীন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে—তৃণমূল কমিটি গঠনে পক্ষপাতিত্ব, কাউন্সিলে নিজের পছন্দের লোকদের অগ্রাধিকার দেওয়া ইত্যাদি।

সবশেষে কাউন্সিলের দিন সবচেয়ে বড় অভিযোগ প্রকাশ পায়—এত বড় কাউন্সিল অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিডিও কনফারেন্সে যুক্ত এবং মহাসচিব উপস্থিত থাকলেও জেলার অনেক সিনিয়র নেতা আমন্ত্রণই পাননি। যাদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের অগ্রজ নেতা জনাব মাসুদ হিলালী অতিথি হিসেবেও আমন্ত্রণ পাননি। সাংগঠনিকভাবে অদক্ষতার অভিযোগের মধ্যেই তিনি তার পূর্ববর্তী নেতৃত্বের কথা বলে কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হন—যা আওয়ামী আমলে তার কার্যক্রমকে ঘিরে অনেকের প্রশ্নের জন্ম দেয়।

জনাব মাসুদ হিলালীর এলাকার ঘনিষ্ঠ এক ব্যক্তি, পরিচয় প্রকাশে অনিচ্ছুক থেকে, ২০০১ সালের নির্বাচনের প্রসঙ্গ তোলেন। তিনি জানান—যখন সারাদেশে বিএনপির জোয়ার, তখন জনাব মাজহারুল ইসলাম নৌকার ব্যাজ পরে সৈয়দ আশরাফের পক্ষে নির্বাচন করেন এবং মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী মাসুদ হিলালী পরাজিত হন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের প্রতিক্রিয়াতেও অসন্তোষ স্পষ্ট। মনোনয়ন প্রত্যাশীদের অন্যতম কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জজ জনাব রেজাউল করিম খান চুন্নু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব খালেদ সাইফুল্লাহ সোহেলসহ অনেকে মনে করেন—আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়ে হঠাৎ করে মনোনয়ন তালিকা ঘোষণা দলের ভেতর বিভ্রান্তি সৃষ্টি করার পরিকল্পিত চেষ্টা। একই সঙ্গে তৃণমূলে অজনপ্রিয় মাজহারুল ইসলামের মনোনয়ন কিশোরগঞ্জে বিএনপির রাজনৈতিক অবস্থানে বিরূপ প্রভাব ফেলতে পারে।

সবাই দেশমাতার অসুস্থতার এই সময়ে নেতাকর্মীদের ধৈর্য ধরতে, ব্যক্তিস্বার্থ ভুলে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে আহ্বান জানান। কারণ—দেশের এই কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অভিভাবক বেগম খালেদা জিয়ার সুস্থতা সবার আগে।

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।