দল-মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, নেক হায়াত ও সার্বিক কল্যাণ কামনা করেন।
পীর সাহেব চরমোনাই বলেন, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্য ও সর্বজনের আস্থার প্রতীক। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের অনুরোধ থাকবে।
তিনি আরও বলেন, রাজনীতিতে সততার ক্ষেত্রে মির্জা ফখরুল একজন পরীক্ষিত ব্যক্তি। মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ও সুষ্ঠু রাজনীতির বিকাশে তাঁর দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। তাঁর রাষ্ট্রপতি হওয়াকে রাজনীতির জন্য ইতিবাচক উল্লেখ করে নবনির্বাচিত রাষ্ট্রপতির সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন পীর সাহেব চরমোনাই।







