শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

কুলিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের গাড়ির প্রচারণা

আজিজুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কুলিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের গাড়ির প্রচারণা

“দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাতেও ভোটের গাড়ির মাধ্যমে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন তথ্যসমৃদ্ধ আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রদর্শিত আলোকচিত্র ও বার্তাগুলোতে অংশগ্রহণমূলক নির্বাচন, নাগরিক দায়িত্ব হিসেবে ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষ আগ্রহভরে প্রদর্শনী পর্যবেক্ষণ করেন এবং ভোটাধিকার সংক্রান্ত নানা প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা এবং রামদী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশলী (বিএডিসি সেচ) শাওন মালাকার, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়াসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও ইউপি সদস্যগণ। তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং প্রচারণার কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।

ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পায়। তাই ভোটারদের সচেতন করা এবং দায়িত্বশীলভাবে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভোটের গাড়ির মাধ্যমে এ ধরনের প্রচারণা মানুষের দোরগোড়ায় নির্বাচন সংক্রান্ত বার্তা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখছে, বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এটি সহায়ক।

উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও বলেন, এ ধরনের উদ্যোগ ভোটারদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি করছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে সহায়তা করছে।

প্রচারণায় অংশ নেওয়া স্থানীয়রা জানান, এ কার্যক্রমের মাধ্যমে তারা নির্বাচন ও গণভোট সম্পর্কে নতুন তথ্য জানতে পারছেন এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আগ্রহ বাড়ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটের গাড়ির মাধ্যমে এ ধরনের জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

স্থানীয়ভাবে আয়োজিত এই উদ্যোগ নির্বাচন ও গণভোট সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।