শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

ধানের শীষের বদলে হাঁসের প্রচারে দলীয় সিদ্ধান্ত অমান্য: কিশোরগঞ্জে-৫ এ বহিষ্কার আরো ১৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ধানের শীষের বদলে হাঁসের প্রচারে দলীয় সিদ্ধান্ত অমান্য: কিশোরগঞ্জে-৫ এ বহিষ্কার আরো ১৩

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ১৩ জন নেতাকে বহিষ্কার করেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিশোরগঞ্জ জেলার নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন— নিকলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি মো. মাসুক মিয়া, এখলাসুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. হারুন অর কাইয়ূম, উপজেলা বিএনপির সদস্য বদরুল আলম বাচ্চু, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, জারইতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসহাক মেম্বার; এবং বাজিতপুর উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামুনুর রহমান পুটন; মাইজচর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম; গাজীরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল রহমান ভূইয়া, হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম এবং কৈইলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বহিষ্কারের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বহিষ্কৃত এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিএনপি আমাদের জন্য দোয়া ও শুভকামনা দিয়েছে। ধন্যবাদ। দুর্দিনের ফসল বুঝে পেয়েছি। এখন বহিষ্কার টিস্যু পেপারের চেয়েও সস্তা।’

বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে ভারত সরকারকে তাগিদ দিয়েছে দেশটির একটি সংসদীয় কমিটি। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক প্রতিবেদনে পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, দুই দেশের পারস্পরিক আস্থা ও জনগণের যোগাযোগ বজায় রাখতে স্বাভাবিক ভিসাসেবা জরুরি। একই সঙ্গে ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসাকেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ ভিসা দেওয়া হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশ চিকিৎসা ভিসা।

সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। এতে নাম উল্লেখ করা ১০ জন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করা হয় এবং একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তবে একই ঘটনায় এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে হামলার অভিযোগ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বহনকারী একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একটি কর্মসূচি শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, হামলার সময় গাড়িতে তাঁর সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও কয়েকজন ছিলেন।

মাহমুদা মিতুর অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা তাঁদের গাড়িতে হামলা করে ডান পাশের ও পেছনের কাচ ভেঙে ফেলেছেন। হামলাকারীরা তাঁদের হত্যার চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে—এমন অভিযোগও করেন এনসিপির এই নেত্রী। একই ঘটনায় সারজিস আলমও ফেসবুকে পোস্ট দিয়ে তাঁদের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন।

তবে হামলার অভিযোগ, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় এবং পুলিশের ভূমিকা সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।