রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

ঈদের ছুটি শেষে স্কুলে এসে ছাদ ধসের দৃশ্য, আতঙ্কে বাড়ি ফিরল শিক্ষার্থীরা

তোফায়েল আহমেদ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ঈদের ছুটি শেষে স্কুলে এসে ছাদ ধসের দৃশ্য, আতঙ্কে বাড়ি ফিরল শিক্ষার্থীরা

পাকুন্দিয়ার দক্ষিণ মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণার উদ্যোগ, বিকল্প ব্যবস্থায় পাঠদান চালুর আশ্বাস

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনের ছাদ ধসে পড়ায় শতাধিক শিক্ষার্থীর পাঠদান অনিশ্চয়তার মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চললেও ঈদুল আজহার ছুটি শেষে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা এসে ভবনের একাধিক স্থানে ছাদ ধসের ঘটনা দেখতে পান। পরে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা ভবনের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে যায়।

বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের একমাত্র ভবনটির অফিস কক্ষসহ একাধিক শ্রেণিকক্ষের ছাদের বড় অংশ ধসে পড়েছে। দুর্ঘটনার পর শিক্ষকরা বারান্দা ও মাঠে অবস্থান করছেন। বিদ্যালয়ের ১০৯ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০ থেকে ১৫ জন উপস্থিত ছিল। ভবন ধসের খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন। অনেকেই সন্তানদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যান, আবার কেউ কেউ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিদ্যালয়ে অবস্থান করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে একতলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১০৯ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছিল। বিষয়টি একাধিকবার লিখিত ও মৌখিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ঈদের ছুটি শেষে শিক্ষকরা বিদ্যালয়ে এসে ভবনের ভয়াবহ এই অবস্থা দেখতে পান।

একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একমাত্র ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। বিদ্যালয় চলাকালে যদি ছাদ ধসের ঘটনা ঘটত, তাহলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। ছুটির সময় ঘটনাটি ঘটায় একটি বড় দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পেয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সুরাইয়া বিলকিস বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই আতঙ্কের মধ্যে পাঠদান কার্যক্রম পরিচালনা করছিলাম। ঈদের ছুটি শেষে বিদ্যালয়ে এসে ভবনের এই অবস্থা দেখতে পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসলিমা বেগম লিপি বলেন, “বিদ্যালয় ভবন ধসের খবর পাওয়ার পর প্রকৌশলীর মাধ্যমে ভবনটি পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করার প্রক্রিয়া চলছে। আপাতত এই ভবনে পাঠদান সম্পূর্ণ বন্ধ থাকবে। বিকল্প হিসেবে খোলা আকাশের নিচে অথবা অস্থায়ী টিনশেড ঘরে পাঠদানের ব্যবস্থা করা হবে, যাতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। নতুন ভবন নির্মাণের জন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।”

এদিকে বিদ্যালয়ের ভবন ধসের ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাফিজা আক্তার খালেদা (২২) নামে এক অনার্স শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং দক্ষিণ পৈরতলা এলাকার জাহাঙ্গীর আলম ফারুকের মেয়ে।

কোচিং শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় তিনি পাশের দেয়ালে আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দিনায় জামায়াতের মিছিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দিনায় জামায়াতের মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার চান্দিনায় সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) সকালে চান্দিনা মোকামবাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আল মগীর সরকার। এ সময় জেলা, উপজেলা ও পৌর জামায়াত, ছাত্রশিবির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

চান্দিনা থানায় যোগদানের প্রথম মাসেই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।

সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ওয়ারেন্ট তামিল করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। এএসআই মোস্তফা কামাল বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।