পানিপাড়া আলিম মাদ্রাসায় অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা মাছুম বিল্লাহ হুজুরসহ বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা
কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ হযরত মাওলানা মোঃ মাছুম বিল্লাহ হুজুরসহ বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (০৮ আগস্ট) সকাল ১০টায় পানিপাড়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা মাছুম বিল্লাহ হুজুর দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও স্নেহময় আচরণ অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। শিক্ষকতা থেকে অবসর নিলেও সমাজ ও দ্বীনের কল্যাণে তাঁর অবদান অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের সঙ্গে স্মৃতিচারণ করেন এবং তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ছিলেন— অধ্যক্ষ মাওলানা মোঃ ফজলুর রহমান, সহকারী শিক্ষক মুক্তার আহমেদ, বিমল চন্দ্র সরকার, মাওলানা মাছুম বিল্লাহ, মোঃ শফিকুল আলম, মাওলানা আ. ন. ম আব্দুল আজিজ, এ. কে. এম. আব্দুর রব, মোঃ বজলুর রহমান, মোঃ সামছুল হক ও মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিপাড়া আলিম মাদ্রাসার সভাপতি মোহাম্মদ এমদাদুল হক। উপস্থিত ছিলেন বর্তমান অধ্যক্ষ কাজী মফিজুল ইসলাম হুজুরসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিলেন পানিপাড়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা। পরে দেশ, জাতি, মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়ন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।







