গল্লাই কমপ্লেক্সে গাঁজাসহ তিনজনকে আটকের দাবি স্থানীয়দের
- চান্দিনা উপজেলার গল্লাই কমপ্লেক্সে অবস্থিত আবেদা নূর উচ্চ বিদ্যালয়ের সামনে গাঁজাসহ এক দোকানদার, একজন ক্রেতা ও একজন বিক্রেতাকে স্থানীয় জনতা আটক করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ ছিল। শনিবার (১৮ জুলাই) সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয়রা তিনজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার হয়েছে বলে স্থানীয়দের দাবি।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে স্থানীয় দোকানদার মাসুদ রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার কারণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয়রা তাদের আটক করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি থানায় জানানো হয়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।




