গণরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর
গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, গণরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনগণের রায়কে অবজ্ঞা করার কারণে। তাই আইনি মারপ্যাঁচ, কথার ফুলঝুরি কিংবা রাজনৈতিক স্বার্থে গণভোটের রায় উপেক্ষা না করে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই সনদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল এবং নির্বাচনের আগে গণভোটের বিরোধিতা করেনি। বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি রাজনৈতিক অবস্থানে অটল থেকে গণরায়কে সম্মান জানানোর আহ্বানও জানান তিনি।
সভায় দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।







