ভাইরাল ভিডিও ঘিরে বিভ্রান্তি: আশিকুর রহমান রাসেল চান্দিনা প্রেস ক্লাবের সদস্য নন
সামাজিক যোগাযোগমাধ্যমে আশিকুর রহমান রাসেল নামে এক ব্যক্তিকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চান্দিনা প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪) চান্দিনা প্রেস ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে আশিকুর রহমান রাসেল নামে চান্দিনার এক নামধারী সাংবাদিককে বিভিন্ন অনৈতিক কাজে জরিত থাকার ভিডিও দেখা গেছে। ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কিছু ব্যক্তি চান্দিনার সাংবাদিকদের নিয়ে কটূক্তি, নেতিবাচক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে ঢালাওভাবে সব সাংবাদিককে হেয় করার চেষ্টা করছেন। কোনো একজন ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো সাংবাদিক সমাজের ওপর চাপিয়ে দেওয়া সমীচীন নয় বলে উল্লেখ করেছে প্রেস ক্লাব।
চান্দিনা প্রেস ক্লাব স্পষ্ট করে জানিয়েছে, ভাইরাল ভিডিওতে থাকা আশিকুর রহমান রাসেল তাদের সংগঠনের সদস্য নন। তাই এ ঘটনাকে কেন্দ্র করে চান্দিনা প্রেস ক্লাব কিংবা স্থানীয় সব সাংবাদিককে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন চান্দিনা প্রেস ক্লাবের আহ্বায়ক মো. ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন ভূঁইয়া তুহিন এবং সদস্য সচিব আশিকুল ইসলাম হারেছ।
তবে ভাইরাল ভিডিওতে ওঠা অভিযোগ ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি। ভিডিওটির সত্যতা এবং সংশ্লিষ্ট অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।










