বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি হাতে জবি ছাত্রদল

রাকিব মাজহার প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি হাতে  জবি ছাত্রদল

জবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার পক্ষ থেকে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য প্রতিটি বাসে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে পরীক্ষার্থীদের বাসে ওঠার আগে জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু বকর খান পরীক্ষার্থী যাত্রীদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন।

এ সময় আবু বকর খান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ। তারই ধারাবাহিকতায় আজ বিসিএস পরীক্ষার্থীদের প্রতি বাসে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছি। আমরা চাই শিক্ষার্থী বান্ধব, ইতিবাচক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে—যেখানে ভয় বা সন্ত্রাস নয়, থাকবে সহযোগিতা ও সৌহার্দ্য।”

ছাত্রদল থেকে জানা গেছে, শুক্রবারের এই উদ্যোগের মাধ্যমে জবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ ও অনুষদের বিসিএস পরীক্ষার্থী শিক্ষার্থীদের যাত্রাপথে পানির বোতল ও হালকা খাবার সরবরাহ করেছে।

চান্দিনায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, জব্দ মোটরসাইকেল

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
চান্দিনায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, জব্দ মোটরসাইকেল

কুমিল্লার চান্দিনায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাতে চান্দিনা পৌরসভাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে পালকী সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকার আনু মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৩) এবং একই উপজেলার তুজারভাঙ্গা এলাকার মো. আলেক মিয়ার ছেলে মো. আনোয়ার (২৭)।

চান্দিনা থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল রাত্রীকালীন মোবাইল-৪ ডিউটি পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ আটক করেন।

এ ঘটনায় এসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০৪, তারিখ ৪ নভেম্বর ২০২৬।

পরে আটক দুজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।

সূত্র: চান্দিনা থানা পুলিশ।

আজ চান্দিনায় ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, আসছেন হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ দেশবরেণ্য আলেমরা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
আজ চান্দিনায় ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, আসছেন হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ দেশবরেণ্য আলেমরা

কুমিল্লার চান্দিনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চান্দিনা থানা কওমী মাদরাসা সংগঠনের উদ্যোগে ২৬তম বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান উপলক্ষে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও ইসলামী বক্তাদের উপস্থিতি ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী, ২ নভেম্বর, সোমবার দুপুর ২টায় চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বয়ান পেশ করার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা রেজাউল করীম আবরার, আল্লামা নুরুল ইসলাম অলিপুরী এবং মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর।

এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন আল্লামা নুরুল হক, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা আশেকে এলাহী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা নজিব আহমদ, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ ও মুফতি রেজাউল করীম আবরারসহ দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট আলেম-ওলামাগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা আহমাদুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করবেন মাওলানা এমদাদ উল্লাহ খান।

উল্লেখ্য, চান্দিনা থানা কওমী মাদরাসা সংগঠন সফলতার সঙ্গে ৩৪ বছর পথচলা অতিক্রম করেছে। সংগঠনটির ২৬তম বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে দ্বীনি শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে চান্দিনা ও আশপাশের এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষার্থী ও অভিভাবকদের যথাসময়ে সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্মেলনের স্থান: চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, চান্দিনা, কুমিল্লা।সময়: দুপুর ২টা। তারিখ: ২৬ নভেম্বর, সোমবার (পোস্টারের তথ্য অনুযায়ী)।

আলিম পরীক্ষায় তীরচর আতিকীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার ফল বিপর্যয়, ১০ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ২ জন!

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
আলিম পরীক্ষায় তীরচর আতিকীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার ফল বিপর্যয়, ১০ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ২ জন!

কুমিল্লার চান্দিনা থানার তীরচর আতিকীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল নিয়ে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এবারের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মাত্র ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ২ জন। সে হিসাবে পাসের হার মাত্র ২০ শতাংশ।

এমন ফলাফলের পর প্রতিষ্ঠানটির পাঠদানের মান, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৮ জনই অকৃতকার্য হওয়ায় এর পেছনের কারণ অনুসন্ধানের দাবি উঠেছে।

এদিকে, প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, পাঠদানে অনিয়মসহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে বলে জানা গেছে। কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহনের অভিযোগ তুলছেন অনেকে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির এমন ফলাফলের পেছনে প্রকৃত কারণ কী? শিক্ষার্থীদের পাঠদানে ঘাটতি, শিক্ষকদের দায়িত্বহীনতা, নাকি প্রতিষ্ঠান পরিচালনায় কোনো ধরনের দুর্বলতা রয়েছে—তা খতিয়ে দেখা জরুরি।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, মাদ্রাসা কর্তৃপক্ষ, পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। শিক্ষার মানোন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি।