মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে না যাওয়ার পরামর্শ ব্লাটারের

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে না যাওয়ার পরামর্শ ব্লাটারের

ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার মনে করেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এ বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল দেখতে সমর্থকদের সরাসরি যুক্তরাষ্ট্রে না যাওয়াই শ্রেয়। সোমবার তিনি এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেন।

ব্লাটার এই বক্তব্যের মাধ্যমে দুর্নীতিবিরোধী আইনজীবী মার্ক পিথ–এর মন্তব্যকে সমর্থন করেছেন। ফিফার সংস্কার কার্যক্রমে ব্লাটারের দায়িত্বকালীন সময়ে পিথ তার সঙ্গে কাজ করেছিলেন। পিথ আগেই পরামর্শ দিয়েছিলেন, সমর্থকদের যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ দেখা থেকে বিরত থাকা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লাটার লেখেন, “এই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে মার্ক পিথ সঠিক পথে রয়েছেন।”

জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে বিক্ষোভকারী রেনি গুডে নিহত হওয়ার ঘটনাকে সমর্থকদের যুক্তরাষ্ট্রে না যাওয়ার একটি প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন পিথ। এছাড়া গত সপ্তাহে আরেক মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেত্তি–র মৃত্যুর ঘটনাকেও তিনি উদ্বেগজনক বলে মন্তব্য করেন। এসব বক্তব্যের প্রতি ব্লাটারও সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

সুইজারল্যান্ডের দৈনিক তাগেস-আনজেইগার–কে দেওয়া সাক্ষাৎকারে পিথ বলেন, দেশের অভ্যন্তরে রাজনৈতিক বিরোধীদের কোণঠাসা করা এবং ইমিগ্রেশন বিভাগের অপব্যবহার—সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভক্তদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে।

তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “ভক্তদের একটাই উপদেশ—যুক্তরাষ্ট্র এড়িয়ে চলুন। বরং টেলিভিশনে খেলা দেখাই নিরাপদ ও সুবিধাজনক।”

পিথ আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর কর্তৃপক্ষের সঙ্গে সামান্য টানাপোড়েনই কাউকে দ্রুত দেশে ফেরত পাঠানোর কারণ হতে পারে। ভাগ্য ভালো থাকলে কেউ কেউ হয়তো তা এড়িয়ে যেতে পারবেন।

২০১৫ সালে ফিফায় একাধিক দুর্নীতির কেলেঙ্কারি প্রকাশ পাওয়ার পর ব্লাটার ফিফা প্রেসিডেন্টের পদ ছাড়েন। পরে তার স্থলাভিষিক্ত হন বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

২০১১ সালে সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি–কে ২০ লাখ সুইস ফ্রাঁ পরামর্শ ফি দেওয়ার মামলায় গত বছর ব্লাটার ও প্লাতিনি চূড়ান্তভাবে খালাস পান।

ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার প্লাতিনি এই মাসের শুরুতে ইনফান্তিনোকে সমালোচনা করে বলেন, “বর্তমান ফিফা প্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি এখন স্বৈরাচারী হয়ে পড়েছেন এবং ধনী ও প্রভাবশালীদেরই বেশি পছন্দ করেন।”

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।