মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

গোলশূন্য ৯০ মিনিট, টাইব্রেকারে নাটকীয় জয়-ভারতকে হারিয়ে প্রতিশোধ ও টানা শিরোপা

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
গোলশূন্য ৯০ মিনিট, টাইব্রেকারে নাটকীয় জয়-ভারতকে হারিয়ে প্রতিশোধ ও টানা শিরোপা

মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের গোলশূন্য ড্রয়ের পর ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনালের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভান টাইব্রেকারের নির্ণায়ক শট নিতে দাঁড়ালে গ্যালারিতে থাকা হাজারো প্রবাসী বাঙালির হৃদস্পন্দন যেন থমকে যায়। তার নিখুঁত শটে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শুরুতেই ভারতের ঋষি সিংয়ের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন। এরপর বাংলাদেশ ও ভারত পাল্টাপাল্টি গোল করতে থাকে। বাংলাদেশের হয়ে মোর্শেদ, চন্দন ও বদলি নামা রিয়াদ ফাহিম সফলভাবে গোল করেন।

চতুর্থ শটে বাংলাদেশের স্যামুয়েল রাকসাম ক্রসবারে বল লাগালে স্কোর ৩-৩ সমতায় ফিরে আসে। তবে নাটকীয়তার শেষ ছিল পঞ্চম শটে—ভারতের ওমাং দোদাম বল পোস্টের ওপর দিয়ে পাঠালে বাংলাদেশের সামনে শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ তৈরি হয়। শেষ শটে রোনান সুলিভান নির্ভুলভাবে গোল করে শিরোপা নিশ্চিত করেন।

পুরো ম্যাচে বাংলাদেশই ছিল তুলনামূলক বেশি আক্রমণাত্মক। প্রথমার্ধেই কয়েকটি নিশ্চিত সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি দলটি। ১৩ মিনিটে রোনানের ফ্রি-কিক থেকে অধিনায়ক মিঠু চৌধুরীর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৯ মিনিটে মানিকের বাড়ানো বলেও গোলের সুযোগ নষ্ট হয়।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত বাংলাদেশ দল জাতীয় পতাকা নিয়ে উদযাপনে মেতে ওঠে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অধিনায়ক মিঠু চৌধুরী বলেন, “দেশের হয়ে শিরোপা জিততে পেরে গর্ব হচ্ছে। দর্শকদের সমর্থন আমাদের অনুপ্রাণিত করেছে।”

এদিকে, অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেওয়ার পর এটিই কোচ মার্ক কক্সের প্রথম টুর্নামেন্ট এবং প্রথম শিরোপা। তিনি বলেন, “এই ফুটবলাররা হার মানতে জানে না। তারা শেষ পর্যন্ত লড়াই করে এবং দেশের জন্য খেলতে গর্ববোধ করে।”

অন্যদিকে, পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৯ গোল করা ভারত ফাইনালে ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত টাইব্রেকারের ভাগ্যে হার মানতে হয়। ম্যাচ শেষে হতাশায় ডুবে থাকে ভারতীয় খেলোয়াড়রা।

উল্লেখ্য, ২০২২ সালে একই প্রতিপক্ষ ভারতের কাছে ফাইনালে হারের বেদনা থাকলেও এবার সেই আক্ষেপ ঘুচিয়ে মধুর প্রতিশোধ নিল বাংলাদেশের তরুণরা। বয়সভিত্তিক ফুটবলে ধারাবাহিক এই সাফল্য দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করছে।

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।