তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ। তাকে চুক্তিভিত্তিক এক বছরের জন্য গ্রেড-১ পদমর্যাদায় এই নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।
এতে আরও জানানো হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সৈয়দ আবদাল আহমদ বর্তমানে দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদের সাধারণ সম্পাদক ছিলেন।










