বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীতে বাজিতপুরে সাহিত্যপ্রেমীদের মিলনমেলা

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীতে বাজিতপুরে সাহিত্যপ্রেমীদের মিলনমেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুর সাধারণ গ্রন্থাগারে ‘মানুষ নজরুল ও নজরুল মানস’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের চিরন্তন কবি নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধ নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সুধীজনদের ব্যাপক উপস্থিতি ছিল।

রবিবার(৩১ মে) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মাস্টার। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও নজরুল গবেষক মোহাম্মদ জাকীর হোসেন।

আলোচনায় তিনি জাতীয় কবির জীবনসংগ্রাম, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদী দর্শন এবং মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন মানবতার কবি, সাম্যের কবি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মুক্তি ও মর্যাদার কণ্ঠস্বর। তাঁর সাহিত্য আজও অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জোগায়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মনোজ কান্তি রায়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ, বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, পাবনার সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম শওকত আলী খান, হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষক ভূপেন্দ্র চন্দ্র দাস, বাজিতপুর সরকারি কলেজের প্রভাষক ফারুক আহমেদ, এমাদ উদ্দিন এবং দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার মোবারক আজাদ।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সুধীজনদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. এস. এ. খান নোমান। তিনি বলেন, বর্তমান প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য, চিন্তা ও মানবিক দর্শন তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাজিতপুর সরকারি কলেজের প্রভাষক অঞ্জুমান আরা ক্যামি।

আলোচনা সভার শেষ পর্বে মানবিক চিকিৎসক ডা. এস. এ. খান নোমান জাতীয় কবির কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ আবৃত্তি করেন। তাঁর আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত শ্রোতাদের গভীরভাবে মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানকে এক ভিন্ন মাত্রা দেয়।

বাজিতপুর সাধারণ গ্রন্থাগারের পাঠকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. এস. এ. খান নোমান। সহযোগিতায় ছিলেন সাংবাদিক মো. ফারুক, ফুল ফারছু পাঠাগারের কো-অর্ডিনেটর এম. আর. রাজিব এবং সাব্বির।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন প্রয়োজন। তাঁরা নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান।

সার্বিকভাবে অনুষ্ঠানটি বাজিতপুরের সাংস্কৃতিক অঙ্গনে একটি প্রাণবন্ত, ব্যতিক্রমী ও স্মরণীয় আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে। উপস্থিত অনেকেই মত প্রকাশ করেন যে, দীর্ঘদিন পর এ ধরনের উচ্চমানের সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়ে তাঁরা আনন্দিত। তাঁদের মতে, এমন আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে সাহিত্য ও মানবিক মূল্যবোধের প্রতি আগ্রহী করে তুলবে।

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।