চান্দিনায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, দুই মামলায় লাখ টাকা জরিমানা
কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ও বাতাঘাসী ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার পরিচালনার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইন অমান্য করে অবৈধভাবে ড্রেজার চালানোর অপরাধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় অবৈধ ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন এবং দণ্ডবিধি, ১৮৬০-এর প্রযোজ্য ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট সবাইকে অবৈধভাবে ড্রেজার পরিচালনা না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে অনুমোদন ছাড়া ভূমির শ্রেণি পরিবর্তন করা আইনত শাস্তিযোগ্য অপরাধ বলে জানানো হয়।
চান্দিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।










