কুমিল্লার বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্বামী আটক
- কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ কাজলের বিরুদ্ধে। এ ঘটনায় আহত স্ত্রী ইভা আক্তারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) ভোরে উপজেলার জিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাজল বুড়িচং উপজেলার বলরামপুর গ্রামের মো. আব্দুল হানানের ছেলে। তিনি স্ত্রী ইভাকে নিয়ে জিয়াপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে কাজল থানায় এসে দাবি করেন, তিনি তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইভা আক্তারকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য কাজল নিয়মিত ইভাকে নির্যাতন করতেন। বিদেশে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা আনার জন্য ঘটনার আগের দিনও তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, অভিযুক্ত কাজল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।










