ফুলের পাপড়ি ছিটিয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায়
চান্দিনা উপজেলার ছাতাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানো হয়েছে। শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে ও করতালির মাধ্যমে তাঁকে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রানী পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাউছার আহমেদ ভূইয়া ও ফাতিহা বিনতে বশীর।
বক্তারা জানান, মো. নুরুল ইসলাম ১৯৯৫ সালের ১৮ জানুয়ারি শিক্ষকতা পেশায় যোগ দেন। দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে তিনি পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট, পোশাক ও বিভিন্ন উপহার দেওয়া হয়। বিদায়বেলায় প্রিয় শিক্ষককে ফুলের পাপড়ি ছিটিয়ে সম্মান জানান শিক্ষার্থীরা। আবেগঘন এ আয়োজনে উপস্থিত অনেকের চোখে অশ্রু দেখা যায়।













