শত্রুতা নয়, নীতি ও আদর্শের প্রতিযোগিতাই হোক রাজনীতি: জোবায়ের খান ফরাজী
রাজনীতি প্রতিহিংসা, ব্যক্তিগত শত্রুতা কিংবা ধ্বংসাত্মক লড়াইয়ের ক্ষেত্র নয়; বরং দেশ, জনগণ ও সামাজিক কল্যাণে আত্মনিয়োগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী।
এক বিবৃতিতে তিনি বলেন, রাজনীতিতে স্থায়ী কোনো শত্রু নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে তা কখনোই ব্যক্তিগত হিংসা, বিদ্বেষ বা অন্ধ বিরোধিতায় রূপ নেওয়া উচিত নয়। রাজনীতি হওয়া উচিত নীতি, আদর্শ ও জনকল্যাণমূলক কাজের প্রতিযোগিতা।
তিনি বলেন, রাজনৈতিক মাঠে যুক্তির বিপরীতে যুক্তি, পরিকল্পনার বিপরীতে পরিকল্পনা এবং জনগণের কল্যাণে কাজের প্রতিযোগিতা থাকবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বের নামে ব্যক্তিগত আক্রমণ, কাদা ছোড়াছুড়ি এবং প্রতিপক্ষের ভালো কাজ অস্বীকার করা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক নয়।
রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিও ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করার আহ্বান জানিয়ে মাওলানা জোবায়ের খান ফরাজী বলেন, “এমনকি আমার পরম শত্রু বা রাজনৈতিক বিরোধীর সঙ্গেও আমি সর্বোচ্চ ইনসাফ ও ন্যায়বিচার কায়েম করতে চাই।”
তিনি আরও বলেন, কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করার অর্থ এই নয় যে তার সঙ্গে অবিচার করা হবে কিংবা তার ভালো কাজকে অস্বীকার করা হবে। রাজনৈতিক অঙ্গনের বাইরে সবাই একই সমাজ ও দেশের নাগরিক। তাই রাজনৈতিক প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সম্মান, সৌজন্য ও মানবিক সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
দেশে সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাদামাখা ও প্রতিহিংসার রাজনীতি কখনো দেশের কল্যাণ ও উন্নয়ন বয়ে আনতে পারে না। শত্রুতার রাজনীতি পরিহার করে ইনসাফ, ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধা ও আদর্শিক প্রতিযোগিতার ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।







