৪১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’, মাসে মিলবে ২,৫০০ টাকা
চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ নিম্ন আয়ের নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তবে উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ শুরু হবে আগামী ১০ অক্টোবর থেকে পর্যায়ক্রমে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকার আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে দেশের ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করবে। যাচাই-বাছাই শেষে উপযুক্ত পরিবার নির্বাচন করা হবে। ইতোমধ্যে সরকারি চাকরিজীবী, পেনশনভোগী, উচ্চমূল্যের সঞ্চয়পত্রের গ্রাহক ও গাড়ির মালিকসহ বিভিন্ন কারণে ৫ হাজার ৯৩৪টি পরিবারকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে প্রায় ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হবে।







