বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

আপনার শরীর ভিটামিন ডি পাচ্ছে তো?

স্বাস্থ্য ডেস্ক প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
আপনার শরীর ভিটামিন ডি পাচ্ছে তো?

ভিটামিন ডি মানবদেহের জন্য অপরিহার্য একটি পুষ্টি উপাদান, যা হাড়, দাঁত, পেশি ও রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সুস্থ রাখে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের শহরাঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে এই ভিটামিনের ঘাটতি দ্রুত বাড়ছে। চিকিৎসকদের মতে, পর্যাপ্ত সূর্যালোক না পাওয়া এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এর অন্যতম প্রধান কারণ।

স্বাভাবিক অবস্থায় ভিটামিন ডি উৎপন্ন হয় যখন সূর্যের অতিবেগুনি রশ্মি (UVB) ত্বকে পড়ে। কিন্তু আধুনিক জীবনযাত্রায় মানুষ দীর্ঘ সময় ঘরের ভেতরে থাকেন—অফিস, বাসা বা যানবাহনের মধ্যে। ফলে সূর্যালোকের সংস্পর্শ কমে যাচ্ছে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন সকালে ৯টা থেকে ১১টার মধ্যে ১৫ থেকে ২০ মিনিট রোদে থাকলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ডি উৎপন্ন হয়।

এন্ডোক্রাইন সোসাইটির এক আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছে, ভিটামিন ডি-এর ঘাটতি শুধু হাড় ক্ষয়ের কারণ নয়, এটি বিষণ্নতা, হরমোনের ভারসাম্যহীনতা, ডায়াবেটিস, ক্লান্তি, এমনকি হৃদরোগের সঙ্গেও সম্পর্কিত।

বাংলাদেশে পরিচালিত বিভিন্ন জরিপে দেখা গেছে, শহরের প্রায় ৭০ শতাংশ নারী ও ৫০ শতাংশ পুরুষের শরীরে ভিটামিন ডি-এর মাত্রা স্বাভাবিক সীমার নিচে। দীর্ঘ সময় এয়ারকন্ডিশন রুমে থাকা, পর্দাযুক্ত পোশাক, এবং রোদে না যাওয়া এ সমস্যার মূল কারণ হিসেবে দেখা দিয়েছে।

খাদ্য থেকেও সীমিত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। যেমন—চর্বিযুক্ত মাছ (স্যালমন, টুনা, সার্ডিন), ডিমের কুসুম, দুধ, মাখন, চিজ ও কিছু ফোর্টিফাইড খাদ্যদ্রব্য। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু খাবারের মাধ্যমে শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি পাওয়া সম্ভব নয়, নিয়মিত রোদে থাকা অপরিহার্য।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যাদের শরীরে হাড় বা পেশিতে ব্যথা, মনমরা ভাব, ক্লান্তি বা চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে, তারা রক্ত পরীক্ষা করে ভিটামিন ডি-এর মাত্রা জেনে নেওয়া উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।

ভিটামিন ডি শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের সঙ্গেও নিবিড়ভাবে সম্পর্কিত। তাই প্রাকৃতিকভাবে এই ভিটামিনের উৎস—সূর্যের আলো—থেকে প্রতিদিন অল্প সময় হলেও উপকার নেওয়া উচিত।

ভিটামিন ডি ঘাটতির সাধারণ লক্ষণ:

হাড় বা পেশিতে ব্যথা,

দীর্ঘস্থায়ী ক্লান্তি,

মনমরা ভাব বা বিষণ্নতা,

চুল পড়া,

ঘন ঘন অসুস্থ হয়ে পড়া।

এম.এম./কি

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।