সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

‘স্বপ্নসারথী’ কিশোরীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

হাবিবুর রহমান বিপ্লব প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
‘স্বপ্নসারথী’ কিশোরীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

কিশোরগঞ্জের করিমগঞ্জে কিশোরীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া কিশোরীদের মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

সোমবার (৮ জুন) সকালে ব্র্যাক করিমগঞ্জ এরিয়া অফিসের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রকল্পভুক্ত ‘স্বপ্নসারথী’ ২০ জন কিশোরী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মুকছুদুল হক। তিনি কিশোরীদের হাঁস-মুরগি পালনকে একটি লাভজনক ও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে গড়ে তোলার বিভিন্ন কৌশল, রোগব্যাধি প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার প্রশান্ত কুমার দে, জেলা কো-অর্ডিনেটর সাফরিনা জান্নাত, জেলা ব্যবস্থাপক গোলাম শফিউল আলম, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) আশরাফ হোসেন এবং শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মোবারক হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী কিশোরীদের শুধু হাঁস-মুরগি পালন বিষয়ক কারিগরি জ্ঞানই দেওয়া হয়নি, বরং তাদের কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্তকরণ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নেতৃত্বের বিকাশ এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কিশোরীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা পরিবার ও সমাজে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে ওঠার মাধ্যমে বাল্যবিবাহ, ঝরে পড়া এবং সামাজিক নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করা সহজ হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে ছোট পরিসরে খামার গড়ে তুলে আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

ব্র্যাক সূত্রে জানা গেছে, চলতি বছর কর্মসূচির আওতায় দেশের ৩৩টি জেলার ২৬৩টি উপজেলায় মোট ৭ হাজার ৫৬০ জন কিশোরীকে হাঁস-মুরগি পালন বিষয়ে সহায়তা প্রদান করা হবে। এছাড়া ২০০ জন কিশোরীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে কিশোরীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

গাজার ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার অনুদান নিয়ে তুরস্ক যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
গাজার ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার অনুদান নিয়ে তুরস্ক যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির প্রতিনিধিদল

ফিলিস্তিনের মাজলুম ও যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মুসলিম উম্মাহর আন্তর্জাতিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে তুরস্ক সফরে যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

প্রখ্যাত আলেম আল্লামা মাহফুজুল হকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলটি গাজার ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংগৃহীত ১০ লাখ মার্কিন ডলার অনুদান ফিলিস্তিন উলামা পরিষদের প্রতিনিধিদের হাতে তুলে দেবে।

সফরকালে প্রতিনিধিদলটি বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ, তুর্কি উলামা পরিষদ এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে ফিলিস্তিনের বর্তমান মানবিক সংকট, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বাংলাদেশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির তত্ত্বাবধানে চলমান ১৬টি বৃহৎ মানবিক প্রকল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা, অংশীদারত্ব এবং অর্থায়নের সুযোগ নিয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবে প্রতিনিধিদলটি।

তুরস্ক সফরের অংশ হিসেবে আগামী ১০ আগস্ট অনুষ্ঠিতব্য বিশ্ব দস্তারবন্দী সম্মেলনেও বাংলাদেশি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আলেম, ইসলামী চিন্তাবিদ ও দাতব্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা, যিনি ‘নিমস দাই’ নামে পরিচিত, নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

এলিট এক্সপেডিশনের বরাতে জানানো হয়, গত ৩০ জুলাই ৮,০৫১ মিটার উচ্চতার ব্রড পিকে অভিযানকালে তুষারধসে পুরজা ও তার দলের সদস্যরা আটকা পড়েন। পরে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আরোহণ করে ‘প্রজেক্ট পসিবল’ সম্পন্ন করেন নির্মল পুরজা। সাহসিকতা ও অসাধারণ পর্বতারোহণ দক্ষতার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন।

অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাফিজা আক্তার খালেদা (২২) নামে এক অনার্স শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং দক্ষিণ পৈরতলা এলাকার জাহাঙ্গীর আলম ফারুকের মেয়ে।

কোচিং শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় তিনি পাশের দেয়ালে আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।