তিন শর্তে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল
তিনটি শর্তে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। সোমবার (২৭ জুলাই) হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আপিলের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই সরেজমিন পরিদর্শন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনটি শর্ত দেওয়া হয়েছে।
শর্তগুলো হলো—
১. বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনাসংক্রান্ত ১৯৮২ সালের অধ্যাদেশের নির্দেশনা মেনে চলতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করতে হবে।
৩. লাইসেন্সের শর্ত পালনে ব্যর্থ হলে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।










