শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

কিশোরগঞ্জে ভোট চাওয়ায় বাধা? সরকারের কাছে অভিযোগ এনামুল হকের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে ভোট চাওয়ায় বাধা? সরকারের কাছে অভিযোগ এনামুল হকের

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে সিপিবির প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক অভিযোগ করেছেন, তাঁর পক্ষে ভোট চাওয়ার কারণে দলের নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে এবং গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তবে কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি নির্বাচন বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার(২৭ জানুয়ারি) তিনি দলের নেতাকর্মীদের নিয়ে জেলা শহরে গণসংযোগ করেন। এ সময় বেশ কয়েকজন নারী কর্মীও উপস্থিত ছিলেন। পরে রথখলা এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় এনামুল হক বলেন,
“আমার পক্ষে ভোট চাওয়ার কারণে নিপীড়ন হচ্ছে। কয়েক দিন দেখব। বন্ধ না হলে সরে দাঁড়াব। আমার সঙ্গে কেউ গেলে পরে যদি পুলিশ গিয়ে তাকে হয়রানি করে বা গ্রেপ্তার করতে চায়, তাহলে কমিউনিস্ট পার্টিকে আহ্বান জানাব—এই নির্বাচন বয়কট করার জন্য। এরপরও যদি এসব চলতে থাকে, তাহলে আমিও নির্বাচন বয়কট করতে বাধ্য হব। আমাকে সমর্থন করা তো কারও অপরাধ নয়। ভোট দেওয়া যদি অপরাধ হয়, তাহলে ইন্টেরিম সরকারকে বলতে চাই—ভোটের তারিখ ঘোষণা করলেন কেন?”

তিনি আরও বলেন, অতীতে নৌকায় ভোট দেওয়া অনেক মানুষ এবার তাঁকে সমর্থন করছেন। এর জের ধরে নিরীহ মানুষকে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে এবং পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, “এ ধরনের জঘন্য শাসনব্যবস্থা আমরা চাই না। আমরা চাই মুক্ত মানুষের মুক্ত সমাজ।”

এ সময় তিনি সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে বলেন, এর পেছনে যে সিন্ডিকেট কাজ করছে, তা ভাঙতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সংসদে যেতে পারলে কৃষিকে দেশের শ্রেষ্ঠ পেশার স্বীকৃতি দেওয়ার জন্য কাজ করবেন বলেও ঘোষণা দেন তিনি।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার, জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিসসহ অন্যান্য নেতাকর্মী।

তবে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, “মত প্রকাশ ও কথা বলার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে, আমরা তা সম্মান করি। কেউ হয়রানির শিকার হলে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে পারেন। তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

চান্দিনা থানায় যোগদানের প্রথম মাসেই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।

সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ওয়ারেন্ট তামিল করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। এএসআই মোস্তফা কামাল বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে ভারত সরকারকে তাগিদ দিয়েছে দেশটির একটি সংসদীয় কমিটি। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক প্রতিবেদনে পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, দুই দেশের পারস্পরিক আস্থা ও জনগণের যোগাযোগ বজায় রাখতে স্বাভাবিক ভিসাসেবা জরুরি। একই সঙ্গে ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসাকেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ ভিসা দেওয়া হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশ চিকিৎসা ভিসা।

সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। এতে নাম উল্লেখ করা ১০ জন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করা হয় এবং একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তবে একই ঘটনায় এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।