সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়তে জহুরুল ইসলাম মেডিকেলে র‌্যালি ও আলোচনা

বাজিতপুর প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:০১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়তে জহুরুল ইসলাম মেডিকেলে র‌্যালি ও আলোচনা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের মেডিকেল করিডোর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে নেতৃত্ব দেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. বাহার উদ্দিন ভূঞা।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. বাহার উদ্দিন ভূঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে হলে বাড়ির আশপাশ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে টব, ভাঙা পাত্র, ড্রাম, ট্যাংক বা অন্য যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, রাস্তা-ঘাটের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়ার মাধ্যমে মশার প্রজনন অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমকে কেন্দ্র করে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই এখন থেকেই সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। ডেঙ্গু সম্পর্কে সঠিক তথ্য জানা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. সাঈদ হাসান, সহকারী পরিচালক ডা. এস. এম. ইউসুফ ভূঁইয়া, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আল্পনা আক্তার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক, স্টাফ নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে নিজেদের পাশাপাশি সমাজের অন্যান্য মানুষকে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

গাজার ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার অনুদান নিয়ে তুরস্ক যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
গাজার ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার অনুদান নিয়ে তুরস্ক যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির প্রতিনিধিদল

ফিলিস্তিনের মাজলুম ও যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মুসলিম উম্মাহর আন্তর্জাতিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে তুরস্ক সফরে যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

প্রখ্যাত আলেম আল্লামা মাহফুজুল হকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলটি গাজার ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংগৃহীত ১০ লাখ মার্কিন ডলার অনুদান ফিলিস্তিন উলামা পরিষদের প্রতিনিধিদের হাতে তুলে দেবে।

সফরকালে প্রতিনিধিদলটি বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ, তুর্কি উলামা পরিষদ এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে ফিলিস্তিনের বর্তমান মানবিক সংকট, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বাংলাদেশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির তত্ত্বাবধানে চলমান ১৬টি বৃহৎ মানবিক প্রকল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা, অংশীদারত্ব এবং অর্থায়নের সুযোগ নিয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবে প্রতিনিধিদলটি।

তুরস্ক সফরের অংশ হিসেবে আগামী ১০ আগস্ট অনুষ্ঠিতব্য বিশ্ব দস্তারবন্দী সম্মেলনেও বাংলাদেশি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আলেম, ইসলামী চিন্তাবিদ ও দাতব্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা, যিনি ‘নিমস দাই’ নামে পরিচিত, নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

এলিট এক্সপেডিশনের বরাতে জানানো হয়, গত ৩০ জুলাই ৮,০৫১ মিটার উচ্চতার ব্রড পিকে অভিযানকালে তুষারধসে পুরজা ও তার দলের সদস্যরা আটকা পড়েন। পরে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আরোহণ করে ‘প্রজেক্ট পসিবল’ সম্পন্ন করেন নির্মল পুরজা। সাহসিকতা ও অসাধারণ পর্বতারোহণ দক্ষতার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন।

অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাফিজা আক্তার খালেদা (২২) নামে এক অনার্স শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং দক্ষিণ পৈরতলা এলাকার জাহাঙ্গীর আলম ফারুকের মেয়ে।

কোচিং শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় তিনি পাশের দেয়ালে আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।