শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

মিস ইউনিভার্স ২০২৫: মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ

রেজাউল হক প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:৫৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
মিস ইউনিভার্স ২০২৫: মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ

মিস ইউনিভার্স ফাইনাল

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার (২১ নভেম্বর) মহাসমারোহে অনুষ্ঠিত হলো ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল পর্ব। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপা এবার জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ। গতবারের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন তিনি।

এ বছরের আসরে প্রাথমিকভাবে ১২০টি দেশের সুন্দরীরা অংশ নেন। সেরা ৩০–এর তালিকায় জায়গা করে নেন বাংলাদেশের প্রতিনিধি মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তবে সেরা ১২–এ উঠতে ব্যর্থ হওয়ায় সেরা ৩০–এই থামতে হয় তার যাত্রা।

রানারআপ হয়েছেন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে আরও ছিলেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।

প্রথমবারের মতো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন নাদিন আয়ুব; তিনি সেমিফাইনালে গেলেও সেরা ৩০ থেকে বিদায় নেন।

তিন সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন রিহার্সাল, সাংস্কৃতিক ভ্রমণ ও ইভেন্টে অংশ নেন প্রতিযোগীরা। বুধবারের ন্যাশনাল কস্টিউম শোকেসে বিশ্বজুড়ে নজর কাড়েন বিভিন্ন দেশের অংশগ্রহণকারী। একইদিন প্রিলিমিনারি গাউন রাউন্ডে পড়ে আহত হন জ্যামাইকার গাব্রিয়েল হেনরি; তবে পরে জানা যায় তিনি শঙ্কামুক্ত এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

ফাইনালে প্রতিযোগীদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়—জাতিসংঘের সাধারণ পরিষদে কথা বলার সুযোগ পেলে কোন বৈশ্বিক ইস্যুকে অগ্রাধিকার দেবেন, এবং কিশোরী মেয়েদের ক্ষমতায়নে কীভাবে মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। উত্তরে ফাতিমা বশ বলেন,
“স্বকীয়তার শক্তিতে বিশ্বাস রাখুন। আপনার স্বপ্নের মূল্য আছে, আপনার হৃদয়ের মূল্য আছে। কাউকে আপনার মূল্য নিয়ে সন্দেহ তৈরি করতে দেবেন না।”

বিতর্ক ও নাটকীয়তার মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এবারের আয়োজন ফাতিমা বশের জয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে—তিনি কি শুধু মুকুটই জিতলেন, নাকি সৌন্দর্য প্রতিযোগিতার ধারণায় নতুন পরিবর্তনের বার্তাও রেখে গেলেন?

যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

চান্দিনা থানায় যোগদানের প্রথম মাসেই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।

সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ওয়ারেন্ট তামিল করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। এএসআই মোস্তফা কামাল বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে ভারত সরকারকে তাগিদ দিয়েছে দেশটির একটি সংসদীয় কমিটি। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক প্রতিবেদনে পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, দুই দেশের পারস্পরিক আস্থা ও জনগণের যোগাযোগ বজায় রাখতে স্বাভাবিক ভিসাসেবা জরুরি। একই সঙ্গে ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসাকেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ ভিসা দেওয়া হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশ চিকিৎসা ভিসা।

সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। এতে নাম উল্লেখ করা ১০ জন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করা হয় এবং একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তবে একই ঘটনায় এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।