গণিপুরে মাদকবিরোধী সমাবেশ, কারবারি ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
কুমিল্লার চান্দিনা উপজেলার ৬ নং বাড়েরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গণিপুর-জয়দেবপুর এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জামাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ সমাজকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুরস্কার ঘোষণা করা হয়। গ্রহণযোগ্য প্রমাণসহ মাদক কারবারিকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা, মাদকসেবী শনাক্ত করলে ৫ হাজার টাকা এবং চোর ধরিয়ে দিলে ২ হাজার টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া গ্রামের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গ্রাম পুলিশের নিয়মিত টহলের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকরা মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ গণিপুর গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।










