শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

নিয়ন্ত্রণহীন অটোরিকশার বলি ১২ বছরের আলিফ, আহত আরও এক শিশু

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নিয়ন্ত্রণহীন অটোরিকশার বলি ১২ বছরের আলিফ, আহত আরও এক শিশু

কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় আলিফ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে উপজেলার হোগলাকান্দি বোর্ড বাজার এলাকায় হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে বোর্ড বাজার এলাকার একটি চায়ের দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশা আলিফকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। একই সময় অটোরিকশার ধাক্কায় পাশে থাকা আরও এক শিশু আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত দুই শিশুকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিশুকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করে এবং চালককে আটক করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা ও চালককে আটক করেছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, ১২ বছর বয়সী আলিফের আকস্মিক মৃত্যুতে পিপলাকান্দি গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয়দের অভিযোগ, হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের বোর্ড বাজার এলাকায় বেপরোয়া গতিতে অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং নিয়মিত নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।

যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

চান্দিনা থানায় যোগদানের প্রথম মাসেই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।

সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ওয়ারেন্ট তামিল করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। এএসআই মোস্তফা কামাল বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে ভারত সরকারকে তাগিদ দিয়েছে দেশটির একটি সংসদীয় কমিটি। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক প্রতিবেদনে পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, দুই দেশের পারস্পরিক আস্থা ও জনগণের যোগাযোগ বজায় রাখতে স্বাভাবিক ভিসাসেবা জরুরি। একই সঙ্গে ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসাকেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ ভিসা দেওয়া হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশ চিকিৎসা ভিসা।

সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। এতে নাম উল্লেখ করা ১০ জন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করা হয় এবং একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তবে একই ঘটনায় এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।