শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আলিফ ও আহত পরিবারের পাশে ইউএনও

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আলিফ ও আহত পরিবারের পাশে ইউএনও

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আলিফ (১২)-এর পরিবার এবং একই ঘটনায় আহত অপর এক শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে সরকারি সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

নিহত আলিফ উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত সোমবার বিকেলে বোর্ড বাজার এলাকায় একটি চায়ের দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

একই দুর্ঘটনায় আলিফের চাচাতো বোন, মোশাররফ মিয়ার ছয় বছর বয়সী কন্যা গুরুতর আহত হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের সদস্যরা জানান, শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা নিহত ও আহত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, “একটি শিশুর অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এ ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করা হবে। আহত শিশুটির চিকিৎসা ও সার্বিক অবস্থার বিষয়েও আমরা খোঁজখবর রাখছি।”

পরিদর্শনকালে নিহত ও আহত শিশুর পরিবারের হাতে সরকারি সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বোর্ড বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে পথচারী, বিশেষ করে শিশু ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকেন। তারা ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা গ্রহণ এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এদিকে, শিশু আলিফের অকাল মৃত্যুতে পিপলাকান্দি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। আহত শিশুটির দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার বিষয়টি স্থানীয় প্রশাসন গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা চলছে। এলাকাবাসীর প্রত্যাশা, সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক ঘটনার শিকার হতে না হয়।

যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

চান্দিনা থানায় যোগদানের প্রথম মাসেই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।

সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ওয়ারেন্ট তামিল করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। এএসআই মোস্তফা কামাল বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে ভারত সরকারকে তাগিদ দিয়েছে দেশটির একটি সংসদীয় কমিটি। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক প্রতিবেদনে পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, দুই দেশের পারস্পরিক আস্থা ও জনগণের যোগাযোগ বজায় রাখতে স্বাভাবিক ভিসাসেবা জরুরি। একই সঙ্গে ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসাকেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ ভিসা দেওয়া হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশ চিকিৎসা ভিসা।

সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। এতে নাম উল্লেখ করা ১০ জন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করা হয় এবং একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তবে একই ঘটনায় এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।