শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

কুলিয়ারচরে চুরির চেষ্টা করতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

আজিজুল ইসলাম প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কুলিয়ারচরে চুরির চেষ্টা করতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি বহুতল ভবনে চুরির চেষ্টা করতে গিয়ে পাঁচতলা থেকে নিচে পড়ে আকাশ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুলিয়ারচর বাজার এলাকার ‘জামান টাওয়ার’-এ এই ঘটনা ঘটে।

নিহত আকাশ কুলিয়ারচর পৌরসভার চরারবন গ্রামের বাসিন্দা এবং জুয়েলের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে জামান টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করছিলেন আকাশ। এ সময় ফ্ল্যাটের এক নারী বাসিন্দা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে ভবনের অন্যান্য বাসিন্দা ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ভবনটি ঘিরে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারদিকে মানুষের উপস্থিতি দেখে এবং ধরা পড়ার আশঙ্কায় আকাশ ভবনের বাইরের অংশ বেয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচতলা থেকে নিচে পড়ে যান। নিচে পার্কিং করা একটি অটোরিকশার ওপর আছড়ে পড়লে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ, ঘটনার পূর্বাপর পরিস্থিতি এবং চুরির অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাতেই উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা দেখা যায়।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দিনায় জামায়াতের মিছিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দিনায় জামায়াতের মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার চান্দিনায় সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) সকালে চান্দিনা মোকামবাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আল মগীর সরকার। এ সময় জেলা, উপজেলা ও পৌর জামায়াত, ছাত্রশিবির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

চান্দিনা থানায় যোগদানের প্রথম মাসেই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।

সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ওয়ারেন্ট তামিল করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। এএসআই মোস্তফা কামাল বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে ভারত সরকারকে তাগিদ দিয়েছে দেশটির একটি সংসদীয় কমিটি। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক প্রতিবেদনে পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, দুই দেশের পারস্পরিক আস্থা ও জনগণের যোগাযোগ বজায় রাখতে স্বাভাবিক ভিসাসেবা জরুরি। একই সঙ্গে ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসাকেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ ভিসা দেওয়া হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশ চিকিৎসা ভিসা।